বর্তমান পৃথিবীতে আমরা এমন অনেক রাসায়নিক ব্যবহার করি, যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু দীর্ঘ সময় ধরে পরিবেশ ও মানবদেহে প্রভাব ফেলতে পারে। পিএফএএস সেই ধরনেরই একটি বড় রাসায়নিক পরিবার। এগুলোকে অনেক সময় “ফরএভার কেমিক্যালস (Forever Chemicals)” বলা হয়, কারণ এগুলো পরিবেশে খুব ধীরে ভাঙে এবং দীর্ঘদিন টিকে থাকতে পারে [1]।
পিএফএএস নিয়ে উদ্বেগের মূল কারণ হলো, এগুলো শুধু কোনো একটি পণ্য বা কারখানার ভেতর সীমাবদ্ধ থাকে না। পানি, মাটি, খাদ্য, ধূলা, এমনকি মানুষের শরীরেও এগুলোর উপস্থিতি পাওয়া যায়। তাই এই রাসায়নিক সম্পর্কে সাধারণ মানুষের জানা জরুরি, বিশেষ করে নিরাপদ পানি, খাদ্য ও দৈনন্দিন পণ্য নির্বাচনের ক্ষেত্রে।
পিএফএএস কী?
পিএফএএস এর পূর্ণরূপ হলো পার- এন্ড পলিফ্লুরোঅ্যালকাইল সাবস্টেন্স (PFAS: Per- and Polyfluoroalkyl Substances)। এটি হাজার হাজার কৃত্রিম রাসায়নিকের একটি বড় পরিবার। ১৯৪০-এর দশক থেকে বিভিন্ন শিল্প ও দৈনন্দিন পণ্যে এগুলোর ব্যবহার শুরু হয় [1]। এই গ্রুপের রাসায়নিক পদার্থের বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো পানি, তেল, দাগ ও তাপ প্রতিরোধ করতে পারে। এই সুবিধার কারণে এগুলো নন-স্টিক পাত্র, পানি-প্রতিরোধী কাপড়, ফাস্ট-ফুড প্যাকেট, কসমেটিকস এবং ফায়ারফাইটিং ফোমে ব্যবহৃত হয়। তবে একই শক্তিশালী রাসায়নিক বন্ধনের কারণে এগুলো সহজে ভাঙে না।
এই দলের সবচেয়ে পরিচিত সদস্যদের ভেতর উল্লেখযোগ্য হলো পিএফওএ (PFOA) এবং পিএফওএস (PFOS)। এই দুই রাসায়নিক নিয়ে বহু বছর ধরে গবেষণা ও আলোচনা চলছে।

কোন কোন পণ্যে পিএফএএস ব্যবহৃত হয়?
পিএফএএস এমন অনেক পণ্যে ব্যবহার করা হয়েছে, যেখানে পানি, তেল বা দাগ প্রতিরোধের দরকার হয়। উদাহরণ হিসেবে বলা যায়:
- নন-স্টিক রান্নার পাত্র ও কিছু খাদ্য প্রক্রিয়াকরণ সামগ্রী।
- তেল ও গ্রিজ প্রতিরোধী কাগজের প্যাকেট বা ফাস্ট-ফুড প্যাকেজিং।
- পানি-প্রতিরোধী পোশাক, কার্পেট ও আসবাবের আবরণ।
- কিছু কসমেটিকস, যেমন লিপস্টিক, আইশ্যাডো, নেইল পলিশ বা স্কিন-কেয়ার পণ্য।
- বিমানবন্দর, সামরিক এলাকা বা শিল্প এলাকায় ব্যবহৃত কিছু ফায়ারফাইটিং ফোম।
খাদ্য সংস্পর্শে ব্যবহৃত কিছু পিএফএএস-যুক্ত উপাদান নন-স্টিক, তেল-প্রতিরোধী বা পানি-প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য অনুমোদিত ছিল বা ব্যবহার হয়েছে [5]। একইভাবে কিছু কসমেটিক পণ্যে নির্দিষ্ট PFAS উপাদান ব্যবহার হতে পারে, যা পণ্যের টেক্সচার বা স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে [6].
পিএফএএস কীভাবে মানবদেহে প্রবেশ করতে পারে?
পিএফএএস শরীরে ঢোকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর মধ্যে রয়েছে দূষিত পানীয় পানি, খাদ্য, খাদ্য-প্যাকেজিং থেকে রাসায়নিক স্থানান্তর, ধূলা এবং কিছু পেশাগত পরিবেশ। ফায়ারফাইটার, শিল্পকর্মী বা দূষিত এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে এক্সপোজার বেশি হতে পারে। সব পিএফএএস একই রকম নয়, এবং এই গ্রুপের সব রাসায়নিক একই মাত্রার ঝুঁকি তৈরি করে না। তবে কিছু রাসায়নিক শরীরে দীর্ঘ সময় থাকতে পারে। এ কারণেই কম মাত্রার দীর্ঘমেয়াদি এক্সপোজার নিয়েও বর্তমানে বিজ্ঞানীরা উদ্বিগ্ন।
পিএফএএস কেন বিপজ্জনক?
বেশ কিছু গবেষণায় এধরণের রাসায়নিক এক্সপোজারের সাথে মানুষের স্বাস্থ্যঝুঁকির সম্পৃক্ততা পাওয়া গেছে। এসব সম্পর্ক সব ক্ষেত্রে সরাসরি কারণ প্রমাণ করে না, কিন্তু ঝুঁকির ইঙ্গিত দেয় এবং আরও সতর্কতার প্রয়োজন দেখায়। এটিএসডিআর/সিডিসি -এর তথ্য অনুযায়ী পিএফএএস এক্সপোজার লিভার, রোগ প্রতিরোধ ক্ষমতা, জন্ম ও শিশুর বিকাশের মতো বিষয়ের সাথে সম্পর্কিত হতে পারে [3]।
আইএআরসি/ডব্লিউএইচও -এর মূল্যায়নে পিএফওএ’কে (PFOA) মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী হিসেবে গ্রুপ১-এ এবং পিএফওএস’কে (PFOS) সম্ভাব্য ক্যানসারঝুঁকিপূর্ণ হিসেবে গ্রুপ২-তে শ্রেণিবদ্ধ করা হয়েছে [4]।
পিএফএএস নিয়ে আলোচিত সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে:
- কিডনি ও টেস্টিকুলার ক্যানসারের ঝুঁকি নিয়ে উদ্বেগ।
- লিভার এনজাইম ও লিভার-সংক্রান্ত পরিবর্তন।
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা।
- হরমোন ও থাইরয়েড-সংক্রান্ত পরিবর্তন।
- গর্ভকালীন ও শিশুর বিকাশে সমস্যা।
- রক্তে কোলেস্টেরল বৃদ্ধির সাথে সম্পর্ক।

পিএফএএস কীভাবে পরিবেশ দূষণ করে?
এসব রাসায়নিক খুব সহজে ভাঙে না। তাই একবার শিল্প বর্জ্য, ল্যান্ডফিল, বর্জ্যপানি বা ফায়ারফাইটিং ফোমের মাধ্যমে পরিবেশে ছড়ালে এটি মাটি, নদী, ভূগর্ভস্থ পানি এবং কৃষিজমিতে পৌঁছাতে পারে।
পরিবেশে ছড়িয়ে পড়লে তা খাদ্যশিকলেও ঢুকতে পারে। দূষিত পানি ফসলের সেচে ব্যবহার হলে, দূষিত জলাশয়ে মাছ থাকলে, অথবা দূষিত এলাকার খাদ্য উৎপাদনে পিএফএএস জমার ঝুঁকি তৈরি হতে পারে। এই কারণেই শুধু পানির সমস্যা নয়; এটি পরিবেশ, খাদ্য নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত একটি বড় বিষয়।
পিএফএএস নিয়ে বৈশ্বিক উদ্বেগ ও নিয়ন্ত্রণ
পিএফএএস দূষণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সতর্কতা বাড়ছে। স্টকহোম কনভেনশন অন পারসিস্টেন্ট অরগানিক পলিউট্যান্টস-এর অধীনে পিএফওএস, পিএফওএ, এবং পিএফএইচএক্সএস (PFOS, PFOA and PFHxS)-এর মতো কিছু রাসায়নিক তালিকাভুক্ত করা হয়েছে, যাতে এগুলোর উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ বা সীমিত করা যায় [7]।
ইউএস ইপিএ’সহ বিভিন্ন সংস্থা পিএফএএস নিয়ে গবেষণা, পানির মানদণ্ড, দূষণ নিয়ন্ত্রণ এবং পানি পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করছে [1, 2]। অনেক দেশ ও প্রতিষ্ঠান পুরোনো পিএফএএস ব্যবহার কমানোর চেষ্টা করছে। তবে “পুরোনো পিএফএএস বন্ধ করলেই সব সমস্যা শেষ” — বিষয়টি এত সহজ নয়, কারণ পরিবেশে পুরোনো দূষণ রয়ে যেতে পারে এবং নতুন বিকল্প রাসায়নিকের ঝুঁকিও মূল্যায়ন দরকার।
পানি ফুটালে কি পিএফএএস নষ্ট হয়?
এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণভাবে উত্তর হলো: না, পানিতে পিএফএএস থাকলে শুধু ফুটিয়ে পান করলে তা দূর হয় না।
পানি ফুটালে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অনেক জীবাণু ধ্বংস হতে পারে। কিন্তু পিএফএএস জীবাণু নয়; এটি রাসায়নিক দূষক। এটি তাপ ও রাসায়নিক বিক্রিয়ার প্রতিও অনেক বেশি স্থায়ী। তাই সাধারণ রান্নাঘরের ফুটানো তাপমাত্রায় এগুলো ভাঙে না।
আরও একটি বিষয় মনে রাখা দরকার: পানি ফুটালে কিছু পানি বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু এসব রাসায়নিক পানিতে থেকে যেতে পারে। ফলে অবশিষ্ট পানিতে রাসায়নিক -এর ঘনত্ব কখনও কখনও তুলনামূলক বেশি হয়ে যেতে পারে। মিনেসোটা ডিপার্টমেন্ট অব হেলথ স্পষ্টভাবে জানায় যে “Boiling water will not remove PFAS”, অর্থাৎ পানি ফুটানো পিএফএএস দূর করার পদ্ধতি নয় [8]।

তাহলে পানিতে পিএফএএস থাকলে কী করা যেতে পারে?
এই ধরণের রাসায়নিক কমানোর জন্য সাধারণ পদ্ধতিতে ফুটিয়ে নিলে যথেষ্ট নয়। ইপিএ-এর তথ্য অনুযায়ী গ্র্যানুলার অ্যাক্টিভেটেড কার্বন, অ্যানায়ন এক্সচেঞ্জ, রিভার্স অসমোসিস এবং ন্যানোফিল্ট্রেশন-এর মতো প্রযুক্তি পিএফএএস কমাতে কার্যকর হতে পারে [2]। তবে কোন ফিল্টার কতটা কার্যকর হবে, তা নির্ভর করে পিএফএএস-এর ধরন, পানির গুণাগুণ, ফিল্টারের মান এবং রক্ষণাবেক্ষণের ওপর।
যদি কোনো এলাকায় পানিতে পিএফএএস থাকার সন্দেহ থাকে, তাহলে নির্ভরযোগ্য পরীক্ষাগারে পানি পরীক্ষা করা, স্থানীয় পানি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা এবং কমাতে সক্ষম সার্টিফায়েড ফিল্টার ব্যবহার করা ভালো।
আমরা কীভাবে ঝুঁকি কমাতে পারি?
পিএফএএস থেকে পুরোপুরি দূরে থাকা কঠিন, কারণ এগুলো অনেক পণ্য ও পরিবেশে ছড়িয়ে আছে। তবু কিছু সহজ সতর্কতা ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
- পুরোনো বা ক্ষতিগ্রস্ত নন-স্টিক পাত্র কম ব্যবহার করা এবং নিরাপদ বিকল্প বিবেচনা করা।
- অতিরিক্ত ফাস্ট-ফুড ও গ্রিজ-প্রতিরোধী প্যাকেটজাত খাবার কম খাওয়া।
- কসমেটিকস বা পোশাক কেনার সময় PFAS-free, PFOA-free বা Fluorine-free লেবেল দেখে নেওয়া।
- সন্দেহজনক পানির ক্ষেত্রে শুধু ফুটানোর ওপর নির্ভর না করে উপযুক্ত ফিল্টার বা নিরাপদ পানির উৎস ব্যবহার করা।
- স্থানীয় দূষণ, শিল্প এলাকা বা ল্যান্ডফিলের কাছাকাছি পানির মান সম্পর্কে সচেতন থাকা।
শেষ কথা
পিএফএএস আধুনিক জীবনের এক নীরব দূষণকারী। এসব রাসায়নিক খালি চোখে দেখা যায় না; কিন্তু পানি, মাটি, খাদ্য এবং মানবস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি সম্পর্কে সচেতনতা শুধু বিজ্ঞানীদের চিন্তার বিষয় নয়; সাধারণ মানুষ, নীতিনির্ধারক, শিল্প প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসন—সবারই এখানে ভূমিকা রাখার প্রয়োজন আছে। নিরাপদ ভবিষ্যতের জন্য এখনই দরকার সঠিক তথ্য, নিয়মিত নজরদারি, নিরাপদ পণ্য নির্বাচন করা এবং কার্যকর পানি পরিশোধনের ব্যবস্থা করা। পিএফএএস সমস্যা জটিল, কিন্তু সচেতনতার সাথে সিদ্ধান্ত নিলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তথ্যসূত্র:
- [1] U.S. Environmental Protection Agency (EPA). (2025). PFAS Explained. Available at: https://www.epa.gov/pfas/pfas-explained
- [2] U.S. Environmental Protection Agency (EPA). (2024). Treatment Options for Removing PFAS from Drinking Water. Available at: https://www.epa.gov/system/files/documents/2024-04/pfas-npdwr_fact-sheet_treatment_4.8.24.pdf
- [3] Agency for Toxic Substances and Disease Registry (ATSDR/CDC). (2025). How PFAS Impacts Your Health. Available at: https://www.atsdr.cdc.gov/pfas/about/health-effects.html
- [4] International Agency for Research on Cancer (IARC/WHO). (2023/2025). IARC Monographs evaluate PFOA and PFOS. Available at: https://www.iarc.who.int/news-events/iarc-monographs-evaluate-the-carcinogenicity-of-perfluorooctanoic-acid-pfoa-and-perfluorooctanesulfonic-acid-pfos/
- [5] U.S. Food and Drug Administration (FDA). (2025). Authorized Uses of PFAS in Food Contact Applications. Available at: https://www.fda.gov/food/process-contaminants-food/authorized-uses-pfas-food-contact-applications
- [6] U.S. Food and Drug Administration (FDA). (2025). Per- and Polyfluoroalkyl Substances (PFAS) in Cosmetics. Available at: https://www.fda.gov/cosmetics/cosmetic-ingredients/and-polyfluoroalkyl-substances-pfas-cosmetics
- [7] Stockholm Convention. (n.d.). PFAS Overview. Available at: https://www.pops.int/Implementation/IndustrialPOPs/PFAS/Overview/tabid/5221/Default.aspx
- [8] Minnesota Department of Health. (2024). PFAS and Home Treatment of Water. Available at: https://www.health.state.mn.us/communities/environment/hazardous/topics/pfashometreat.html










মতামত জানান